বাংলাদেশে বিপিও ও আইটিইএস খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বাক্কো ট্রেনিং ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। ২৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে এ ল্যাবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসআইসিআইপি-বাক্কো প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন। অনুষ্ঠানে প্রকল্পের সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি ও প্রধান সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোঃ মাহতাবুল হক, পিএসসি উপস্থিত ছিলেন।
বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, সহসভাপতি মোঃ তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক এবং পরিচালক সায়মা শওকত ও আব্দুল কাদেরসহ সংগঠনের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ট্রেনিং ল্যাবে অ্যাকাউন্টিং সার্ভিস আউটসোর্সিং (এএসও) কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণও শুরু হয়। পাশাপাশি এআই, ফ্রিল্যান্সিং ও উদীয়মান প্রযুক্তি নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।
আয়োজকরা জানান, শিল্পের চাহিদাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও বৈশিক আউটসোর্সিংয়ের জন্য প্রস্তুত করা হবে। সরকারের এসআইসিআইপি প্রকল্পের সহযোগিতায় প্রতিষ্ঠিত এ ট্রেনিং ল্যাব দেশের বিপিও ও আইটিইএস খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
আইসিটি সংবাদ | ২৭ আগস্ট ২০২৬