বাংলাদেশের বিপিও, আইটিইএস ও ফ্রিল্যান্সিং খাতের দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) ও ব্র্যাক। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
গতকাল রোববার ( ৮ নভেম্বর ) স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের আওতায় দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময়, গবেষণা ও উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার কাঠামো তৈরি করা হয়েছে।
সমঝোতা অনুযায়ী, আইটিইএস, বিপিও ও ফ্রিল্যান্সিং খাতের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, ফ্রিল্যান্সারদের ডিজিটাল ও পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
পাশাপাশি শিল্প ও একাডেমিয়ার মধ্যে সংযোগ জোরদার, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের যুক্ত করে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
সমঝোতা স্মারকটি তিন বছরের জন্য কার্যকর থাকবে। অর্থাৎ, ৮ নভেম্বর ২০২৬ থেকে ৭ নভেম্বর ২০২৯ পর্যন্ত এ সহযোগিতা চলবে।
সমঝোতা স্মারকে বাক্কোর পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি তানভীর ইব্রাহীম এবং ব্র্যাকের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর।
অনুষ্ঠানে বাক্কোর পক্ষে আরও উপস্থিত ছিলেন পরিচালক আব্দুল কাদের, সিআইসিপি-বাক্কো কর্মসূচির প্রধান সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. মাহতাবুল হক, পিএসসি এবং বাক্কো সচিবালয়ের নির্বাহী সমন্বয়ক সেলিম সরকার।
ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের হেড অব প্রোগ্রাম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. গোলাম ফারুক, হেড অব অপারেশন মো. আল-ইমরান এবং প্রোগ্রাম ম্যানেজার-অপারেশনস মনছুর হাছান খন্দকার।
২০৩০ সালের মধ্যে দেশের বিপিও ও আউটসোর্সিং শিল্পে তিন লাখ টেকসই মধ্যম আয়ের কর্মসংস্থান সৃষ্টি এবং পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের শিল্প-রাজস্ব অর্জনের লক্ষ্যের সঙ্গে এই সহযোগিতা সামঞ্জস্যপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এই অংশীদারত্বের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, তরুণদের পেশাগত সুযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের আইটি-নির্ভর সেবা খাতের টেকসই বিকাশেও এ উদ্যোগ অবদান রাখবে।
এনটিভি | ০৯ নভেম্বর ২০২৬