বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল গত ২৯ মার্চ বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির আনাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় দেশের বিপিও ও আইটিইএস খাতের বর্তমান অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দেশের বিপিও শিল্পকে আরও গতিশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা, প্রণোদনা কাঠামোর শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার বিষয়গুলো আলোচনা করা হয়। একইসাথে, আসন্ন বিপিও সামিট ২০২৬ আয়োজনের মাধ্যমে শিল্পের বৈশি^ক প্রচার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধির কৌশল নিয়েও আলোচনা হয়। বৈঠকে দেশের ফ্রিল্যান্সার কমিউনিটির দক্ষতা উন্নয়ন, বাজারমুখী প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর টেকসই কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। আলোচনায় সবাই একমত হন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং সময়োপযোগী প্রশিক্ষণই বাংলাদেশকে বৈশি^ক আউটসোর্সিং বাজারে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে।
সাক্ষাৎকালে মন্ত্রী ফকির আনাম বলেন, বিপিও খাত দেশের ডিজিটাল অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ খাতের উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষ মানবসম্পদ গঠন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং বৈশি^ক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধিতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
বৈঠকে বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, বাংলাদেশের বিপিও শিল্প ইতোমধ্যে একটি সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে, যেখানে বিপুল সংখ্যক তরুণ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তবে এই খাতকে পরবর্তী ধাপে নিয়ে যেতে হলে সমন্বিত নীতিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে কার্যকর ব্র্যান্ডিং অত্যন্ত জরুরি। তিনি আরও উল্লেখ করেন, বাক্কো সরকার ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে যৌথভাবে কাজ করে একটি শক্তিশালী ও টেকসই বিপিও ইকোসিস্টেম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ জহিরুল ইসলাম, বাক্কো সাধারণ সম্পাদক ফয়সল আলিম, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসনাদ-ই-আহমদ।
সুত্রঃ আইসিটি নিউজ, ৩১ মার্চ ২০২৬